বাংলাদেশে মেয়ে শিশুদের শিক্ষায় ব্রিটিশ সরকারের বিশেষ প্রকল্প

আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৮:০৫

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, ব্রিটিশ সরকার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মেয়ে শিশুদের শিক্ষায় ৫৪ মিলিয়ন পাউন্ডের (৫০৬ কোটি টাকা) বৃহৎ প্রকল্প গ্রহণ করেছে। ব্রিটিশ সরকার প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন ব্র্যাক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় ব্রিটিশ সংসদ সদস্য হেলেন গ্রান্টও উপস্থিত ছিলেন।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, শিক্ষার পাশাপাশি দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের আর্থ-সামাজিক ও জীবন মান উন্নয়নে প্রকল্পটি অবদান রাখবে। 
প্রতিনিধি দলে আরও ছিলেন হাইকমিশনের সিপিও সেলিম রেজা, টিম লিডার ফাহমিদা শবনম, ডেপুটি টিম লিডার গোলাম কিবরিয়া। এছাড়া ব্রাকের পক্ষে উপস্থিত ছিলেন ব্র্যাক শিক্ষা পরিচালক শফি রহমান খান,  কর্মসূচি প্রধান প্রফুল্ল চন্দ্র বর্মন, ডিভিশনাল ম্যানেজার রফিকুল ইসলাম, জেলা সমন্বয়ক এ কে আজাদ প্রমুখ।

 

 

ইত্তেফাক/ইউবি