বোরকা পরে স্বামীসহ ওমরাহ হজের পথে মাহি

আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ২১:৩০

ঢালিউডের বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। অভিনয়ের চেয়ে ব্যক্তি জীবন নিয়েই এখন বেশি আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেছেন গাজীপুরের রাকিব সরকার নামে এক ব্যবসায়ীকে। পূর্ব ঘোষণা অনুযায়ী ওমরার উদ্দেশ্যে রওনা দিলেন মাহিয়া মাহি।

সে অনুযায়ী বুধবার (২৪ নভেম্বর) ওমরা হজ পালনের জন্য স্বামী রাকিবকে নিয়ে রওনা দিয়েছেন এই নায়িকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনটি ছবি পোস্ট করে মাহি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমবার ওমরাহ করতে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে। রাকিব সরকার তোমার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ২০১৬ সালে ভালোবেসে বিয়ে করেন মাহিয়া মাহি। বিয়ের এক বছর না যেতেই তাদের মধ্যে বিচ্ছেদের কথা শোনা যাচ্ছিল। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গেল মে মাসে অপুর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা দেন মাহি। তারপরই দ্বিতীয় বিয়ে করেন এই অভিনেত্রী।

বর্তমানে মাহির হাতে রয়েছে- ‘নরসুন্দরী’, ‘মাফিয়া’, ‘অহংকারী বউ’, ‘গ্যাংস্টার’সহ বেশ কিছু সিনেমা।

ইত্তেফাক/বিএএফ