পিবিআইয়ের প্রতিবেদনে নারাজি দেবেন কার্টুনিস্ট কিশোর

আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ২০:৩৭

নির্যাতনের প্রমাণ না পাওয়া- পিবিআইয়ের প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেবেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে কার্টুনিস্ট কিশোরকে শারীরিক নির্যাতন করা হয়নি-পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া এমন প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বুধবার (২৪ নভেম্বর) ওই প্রতিবেদনের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। তখন কিশোরের পক্ষে তার আইনজীবী জাহিদুল ইসলাম নারাজি দাখিল করবেন বলে আদালতে সময়ের আবেদন করেন। বিচারক কেএম ইমরুল কায়েশ ওই আবেদন মঞ্জুর করে নারাজি দাখিলের জন্য ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করে দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ সুপার মো. মিজানুর রহমান আদালতে প্রতিবেদন দাখিল করেন। সেখানে বলা হয়, সাদা পোশাকে অজ্ঞাতনামা ১৬/১৭ জনের বিরুদ্ধে আনা কিশোরকে শারীরিক নির্যাতনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়নি। 

গত ১০ মার্চ ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলার আবেদন করেন আহমেদ কবির কিশোর। তবে মামলার আবেদনে কারো নাম উল্লেখ না করে অজ্ঞাতনামাদের আসামি করা হয়।

ইত্তেফাক/জেডএইচডি