দেশে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি রেড অ্যালার্ট জারি করতে হবে। জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল ব্যবস্থা ও নজরদারি বাড়ানো হয়েছে। বুধবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, পুলিশ সদস্যদের সবসময়ই সতর্ক অবস্থানে থাকতে বলা হয়। আগামী ২৮ ডিসেম্বর থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। এ নির্বাচনে ফের যেন কোনো সহিংসতা না হয়, এজন্য পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
অনুরূপভাবে রাজধানীতেও যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো ব্যত্যয় না ঘটে, সেজন্য পুলিশ সদস্যদের টহল ও নজরদারি বাড়াতে বলা হয়েছে। এটি পুলিশের একটি চলমান প্রক্রিয়া। কাউকে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
