উপসহকারী প্রকৌশলীকে গলাটিপে ধরলেন নির্বাহী প্রকৌশলী

আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১০:২৫

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদের বিরুদ্ধে উপসহকারী প্রকৌশলী মো. রনিকে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এরইমধ্যে সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) উপসহকারী প্রকৌশলী মো. রনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ করেন। 

গত ২৩ নভেম্বর রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর অফিসে ঘটে যাওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ তার অফিসকক্ষে বসে আশরাফ নামের এক সহকর্মীর সঙ্গে কথা বলছে। কিছু সময় পর উপসহকারী প্রকৌশলী মো. রনি তার রুমে প্রবেশ করেন। সে সময় অফিশিয়াল কাগজপত্র ফরিদপুর অফিসে নিয়ে যাওয়ার ব্যাপারে তাদের মধ্যে কথা হয়। এরইমধ্যে কথায় কথায় বিরোধপূর্ণ অবস্থা তৈরি হয়ে নির্বাহী প্রকৌশলী ‘তুই-তোকারি’ করে ওঠেন। এক পর্যায়ে নির্বাহী প্রকৌশলী তার চেয়ার থেকে উঠে গিয়ে রনিকে গলাধাক্কা দিয়ে চেয়ার থেকে ফেলে দেন। সেইসঙ্গে গলা চেপে ধরে রনিকে জবাই করার হুমকি দেন। পরে পাশে থাকা একজন নির্বাহী প্রকৌশলীকে সরিয়ে নিয়ে আসেন।

প্রকৌশলী আব্দুল আহাদ।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর ১টার নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ রনিকে কিছু প্রকল্পের নোট শিটের কাজ সম্পন্ন করে আনতে বলে। পরে প্রধান প্রকৌশলীর দপ্তরে কীভাবে যাবেন জানতে চাইলে কথা কাটাকাটি শুরু হয়। পরে তাকে চেয়ার থেকে ফেলে গলা চেপে ধরে।

অভিযোগকারী বালিয়াকান্দি উপজেলার বাপাউবোর মৃগী পওর শাখার কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী মো. রনি জানান, তেমন কোন ঘটনা না। হয়তো স্যারের ভুল হতে পারে, নয়তো আমার ভুল হয়েছে।

এ ঘটনা ব্যাপারে বুধবার ৭টার দিকে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদের সঙ্গে মুঠোফোনে বারবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নাই।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড কার্যালয় সূত্রে জানা যায়, এ ঘটনায় ২৪ নভেম্বর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী আহাদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ইত্তেফাক/এএএম