পাবনার ভাঙ্গুরা উপজেলার একটি ইউনিয়নে স্বামীর পাশাপাশি তার দুই স্ত্রীও চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। এ ঘটনা ঘটেছে উপজেলার খানমরিচ ইউনিয়নে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূর-উন-নবী ওরফে দুলাল মাস্টার এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার প্রথম স্ত্রী ফেরদৌসী বেগম ও দ্বিতীয স্ত্রী নাসিমা খাতুন মনোনয়নপত্র জমা দেন।
স্থানীয়রা জানান, খানমরিচ ইউনিয়ন যুবলীগের সভাপতি দুলাল স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। চেয়ারম্যান পদে নির্বাচন করতে তিনি স্বেচ্ছায় অবসর নেন। তফসিল ঘোষণার পর তিনি আওযামী লীগের মনোনয়ন পাওযার জন্য জোর লবিং চালান। গত রবিবার আওযামী লীগের মনোনয়নও পান তিনি।
বৃহস্পতিবার তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাচন অফিসে মনোনযন পত্র দাখিল করেন। এর কিছুক্ষণ পর তার দুই স্ত্রীও একই পদে মনোনয়ন পত্র দাখিল করেন। এলাকায় গুঞ্জন শোনা যাচ্ছে, স্বামীর সঙ্গে মনোমালিন্য ও দুই সতীনের মধ্যে সুসম্পর্কের অভাবে ফেরদৌসী বেগম ও নাসিমা খাতুন এই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।
এ ব্যাপারে নূর-উন-নবী তার দুই স্ত্রীর মনোনয়ন পত্র সংগ্রহ করার কথা স্বীকার করে বলেন, মনোমালিন্য নয় কৌশলগত কারণে আমরা একই পরিবারের তিনজন মনোনয়ন পত্র সংগ্রহ করেছি।
