যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির কাছে পটোম্যাক নদীর তীরে ম্যারিল্যান্ড রাজ্যের ন্যাশনাল হারবারে অবস্থিত অভিজাত গেলর্ড কনভেনশন সেন্টারে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফোবানা সম্মেলন।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ৩৫তম ফোবানা সম্মেলনের উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।
গেলর্ড কনভেনশন সেন্টারের বলরুমে ফোবানা সম্মেলনের উদ্বোধন শেষে মন্ত্রী মোজাম্মেল হক বলেন, দলমত নির্বিশেষে প্রবাসীরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সেই গড়ে উঠেছে বাংলাদেশের শক্ত অর্থনীতি। দেশের সম্মান এবং ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসীদের ভূমিকা সব সময় গভীর কৃতজ্ঞতার সঙ্গে আমরা এবং বাংলাদেশের নেতা শেখ হাসিনা স্মরণ করেন।
তিনি বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়, সমৃদ্ধিতে উপচে পড়ছে। বলার অপেক্ষা রাখে না যে করোনা মহামারিতে অনেক উন্নত দেশের অর্থনীতিতেও ভাটা পড়েছে। কিন্তু বাংলাদেশে তা ঘটেনি। এমনকি জাতিসংঘসহ আন্তর্জাতিক অনেক সংস্থাই বাংলাদেশকে উন্নয়নের মডেল হিসেবে অভিহিত করছে।
ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান, আই গ্লোবাল ইউনিভার্সিটির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ, ফোবানার নির্বাহী কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, ফোবানার প্রতিষ্ঠাতাদের অন্যতম বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী, ফোবানার প্রধান নির্বাচন কমিশনার মাহবুব রেজা রহিম, ফোবানার সাবেক চেয়ারম্যান রেহান রেজা প্রমুখ বক্তব্য দেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোবানা হোস্ট কমিটির সদস্য সচিব শিব্বীর আহমেদ।
উদ্বোধনের পর বাংলাদেশ, কানাডা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করে প্রবাসের তরুণ প্রজন্ম। হোস্ট কমিটির কনভেনর জি আই রাসেল, কোষাধ্যক্ষ ড. ফাইজুল ইসলাম, প্রেসিডেন্ট ইনারা ইসলাম এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ফোবানা চেয়ারপারসন অ্যাওয়ার্ড প্রদান করা হয়। হোস্ট কমিটিও মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করে। নিউইয়র্ক, নিউজার্সি, ম্যারিলান্ড ও ভার্জিনিয়া থেকে প্রবাসী বাংলাদেশিরা ফোবানা সম্মেলনে যোগ দিয়েছেন।

স্নাতক সনদ হাতে পেয়ে উচ্ছ্বসিত মালালা