এক ডোজ টিকা নিলেই সৌদি আরব যাওয়া যাবে

আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১১:১১

মহামারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যেই ভ্রমণ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। সিদ্ধান্ত মোতাবেক, যারা করোনা টিকার কমপক্ষে একটি ডোজ নিয়েছেন তারা দেশটিতে ঢুকতে পারবেন। আগামী সপ্তাহের শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের যেকোনো দেশের নাগরিকদের জন্য এ নির্দেশনা কার্যকর থাকবে। গতকাল (২৭ নভেম্বর) নির্দেশনাটি জারি করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যদিও এর আগের দিনই আফ্রিকার সাতটি দেশ থেকে ফ্লাইট চলাচল স্থগিত করে দিয়েছে আরব দেশটি। তবে এ বিষয়ে নতুন নির্দেশনায় কিছুই বলা হয়নি।

সিদ্ধান্ত অনুযায়ী, যারা টিকার এক ডোজ নিয়েছেন, তারা আগামী শনিবার থেকে বিশ্বের যেকোনো দেশ থেকে সৌদি আরবে ঢুকতে পারবেন। এক্ষেত্রে সবাইকে তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।

ইত্তেফাক/টিএ