গত আগস্টে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর এই প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তালেবান সরকারের প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। শনিবার (২৭ নভেম্বর) দেওয়া ভাষণে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তার সরকার অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। খবর প্রকাশ করেছে ডয়চে ভেলে ও বার্তা সংস্থা এএফপি।
তালেবানের এই সহপ্রতিষ্ঠাতার অডিও বক্তব্য গতকাল আফগানিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়েছে। আগামী সপ্তাহে কাতারের রাজধানী দোহায় মার্কিন যুক্তরাষ্ট্র ও তালেবান সরকারের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেটিকে সামনে রেখেই তালেবান প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ।
প্রায় ৩০ মিনিট দীর্ঘ এই ভাষণে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ বলেন, ‘বিদেশি দেশগুলোকে আশ্বস্ত করে বলছি যে, আমরা তাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করবো না। সবার সঙ্গেই ভালো সম্পর্ক রাখতে চাই।’
এ সময় আফগানিস্তানে চলমান বিভিন্ন সমস্যার কথাও স্বীকার করেন তিনি। বলেন, সমস্যায় নিমজ্জিত হলেও আমরা আল্লাহর সাহায্যে আমাদের জনগণকে দুঃখ-কষ্ট থেকে বের করে আনার শক্তি অর্জনের সর্বোচ্চ চেষ্টা করছি। পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে সহায়তা প্রদানের জন্য আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাই।
