কিছুদিন পর-পরই নতুন নিয়ম ও নিয়ম বদলানোতে অভ্যস্থ উত্তর কোরিয়ার জনগণ। এবার পোশাক, স্টাইল নিয়েও নতুন নিয়ম জারি করলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন। সেখানে কেউ চামড়ার জ্যাকেট পরতে পারবেন না। এমনকী ইউরোপ, আমেরিকায় তৈরি নামী ব্র্যান্ডের পোশাকেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। খবর ভারতীয় সংবাদ সংস্থা টাইমস অব ইন্ডিয়া-র।
নতুন এই নিয়মের কারণ হিসেবে দেখানো হয়েছে, এসব পরা মানেই রাষ্ট্রপ্রধান কিমের স্টাইল অনুকরণ করা। যা ভাল চোখে দেখছেন না কিম। উত্তর কোরিয়ার নিয়ম-কানুন পৃথক। হাজার বাঁধাধরা নিয়মের মধ্যে দিন কাটাতে হয় উত্তর কোরিয়ার বাসিন্দাদের।
নিষেধের মধ্যে পড়ল আঁটোসাঁটো জিন্স, ছেঁড়া জিন্স। এটা নাকি সে দেশের সংস্কৃতির বিরোধী। এছাড়া নিজের ইচ্ছেমতো চুলের ছাঁট কিংবা হেয়ার কালার করতেও পারবেন না উত্তর কোরিয়ার জনগণ। এছাড়া নাকে ফুটো করাও নিষিদ্ধ এখানে। অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞার তালিকা আরও দীর্ঘ। বিয়ে না হলে লম্বা চুল রাখতে পারবেন না নারীরা। চুল কেটে ফেলতে হবে।
শোনা যায়, নিজের স্ত্রীর ক্ষেত্রে কিম এমনই কড়া। তার স্ত্রী নিজের পছন্দমতো পোশাক নির্বাচন কিংবা সাজগোজ করায় স্বাধীন নন। নিজের বাবা কিম জং ইলকে অনুকরণ করে বছর দুই ধরে মাও-স্টাইল জ্যাকেট পরছেন কিম জং উন। এখন সেই জ্যাকেটও নিষিদ্ধ জনসাধারণের জন্য। ফলে এখন উত্তর কোরিয়াবাসীর ব্যক্তিগত পছন্দ-অপছন্দও কিমের হাতে।
