করোনা নিয়ে নতুন বিধিনিষেধ চালু করেছে ব্রিটিশ সরকার। করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ মোকাবেলায় এ উদ্যোগ নেয়া হচ্ছে। মঙ্গলবার ( ২৯ নভেম্বর) থেকে তারা এই বিধিনিষেধ চালু করে। তবে সামাজিক দূরত্ব বজায় রাখা কিংবা বাড়ি থেকে অফিস করার নিয়ম এখনই চালু করা হচ্ছে না।
দেশটির স্বাস্থ্য মন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, মঙ্গলবার থেকে দোকানপাট ও গণপরিবহনে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। ব্রিটেনে আসা সকল ভ্রমণকারীকে পিসিআর টেস্ট করতে হবে এবং করোনার রিপোর্ট নেগেটিভ হিসেবে রেজিস্টার্ড না হওয়া পর্যন্ত আইসোলেশানে থাকতে হবে।
এদিকে ওমিক্রনের কারণে আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় ১০টি দেশের সাথে ব্রিটেন আগেই ফ্লাইট যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। তবুও শুক্রবার দক্ষিণ আফ্রিকা থেকে শত শত যাত্রী ইংল্যান্ডে আসার খবর স্বাস্থ্য মন্ত্রী স্বীকার করেছেন, যাদের কোন পরীক্ষাও করা হয়নি।
এর আগে শনিবার ব্রিটিশ সরকার দক্ষিণ আফ্রিকায় ভ্রমণ সংশ্লিষ্টতা রয়েছে এমন দুজনের ওমিক্রনে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে। বিরোধী লেবার পার্টি সরকারের এসব পদক্ষেপকে সামান্য ও বিলম্বে নেয়া হয়েছে বলে সমালোচনা করেছে।
