ভারতকে জিততে দিল না নিউজিল্যান্ড

আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৯:২০

শেষ দিনে ২৮৪ রানের লক্ষ্য কঠিন হলেও অসম্ভব কিছু না। তবে কঠিনত্ব মেনে নিয়েই ড্রয়ের জন্য খেলতে থাকে নিউজিল্যান্ড। প্রথম সেশনে উইকেট না বিলিয়ে মসৃণ পথে ব্যাট চালান টম ল্যাথাম ও নাইটওয়াচম্যান উইলিয়াম সমারভিল। কিন্তু দ্বিতীয় সেশনেই ম্যাচ ঝুঁকে পড়ে ভারতের দিকে।

দ্রুত জয় নিশ্চিত করার চেষ্টা করেন তাদের স্পিনাররা। কিন্তু এক উইকেট হাতে রেখে শেষ পর্যন্ত কানপুরে ভারতকে জিততে দেয়নি নিউজিল্যান্ড। শেষ উইকেট জুটিতে ৫২ বল টিকে থেকে ড্র নিশ্চিত করেন অভিষিক্ত রাচিন রবীন্দ্র ও এজাজ প্যাটেল।

যদিও খেলার ১০ মিনিট বাকি ছিল। কিন্তু আলোকস্বল্পতা কানপুরে আধার নামিয়েছে ঠিক, তবে আলো ফুটিয়েছে কিউই শিবিরে। ২০১০ এর পর এই প্রথম ভারতের মাটিতে ড্রয়ের স্বাদ পেল তারা। আর ১৯৮৮ সালে মুম্বাই টেস্টের পর জয়টা এখনো অধরাই রয়েছে।  আগামী ৩ ডিসেম্বর শুরু হতে যাওয়া মুম্বাই টেস্টে (সিরিজের ২য় ও শেষ ম্যাচ) সেই আক্ষেপ ঘুচাতে পারে কি না তারা।

জয়ের জন্য সব রকমের চেষ্টাই করেছে আজিঙ্কা রাহানের দল। দলীয় ৭৯ রানে গলার কাঁটা হিসেবে বিধে থাকা সমারভিলকে ফিরিয়ে স্পিনারদের পথ দেখান উমেশ যাদব। এরপর অশ্বিন-জাদেজা-প্যাটেলের স্পিনে দ্রুতই ভেঙে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ।  কিন্তু ১১২ বলে ২৪ রান করা কেন উইলিয়ামসনের বিদায়ের পর ক্রিজে আসা রাচিনকে শিকার করতে ব্যর্থ ছিলেন তারা। মাটি কামড়ে পড়ে থেকে ৯১ বলে ১৮ রানে অপরাজিত ছিলেন রাচিন, অপরপ্রান্তে দুই রান করা এজাজ খেলেছেন ২৩ বল। তাদের দৃঢ়তায় ৯ উইকেটে ১৬৫ রানে দিনশেষ করে নিউজিল্যান্ড। ভারতের হয়ে অশ্বিন তিনটি ও জাদেজা চার উইকেট নেন। প্রথম ইনিংসে সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসের হাফসেঞ্চুরিতে ম্যাচ সেরার পুরস্কার উঠে অভিষিক্ত শ্রেয়াস আইয়ারের হাতে।



ইত্তেফাক/ইউবি