মাগুরার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে ১৫জন আহত হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে জেলার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের বটতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিজয়ী ইউপি সদস্যসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শালিখা থানা অফিসার ইন চার্জ (ওসি) তারক বিশ্বাস।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে বটতলা এলাকায় দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। খবর পেয়ে শালিখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ এলাকা থেকে বিজয়ী ইউপি সদস্য জীবন বিশ্বাসসহ ১৩ জনকে আটক করে। আহতদের মধ্যে ৭ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
ওসি তারক বিশ্বাস বলেন, এটা নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে সংঘর্ষের ঘটনা নয়। জমিজমা নিয়ে সংঘর্ষ হয়েছে। জীবন বিশ্বাসসহ মোট ১৩ জন আটক রয়েছে। যারা অপরাধ করেছে তাদের আটক করা হয়েছে।
