বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের জাহিদুর রহমানের ছেলে নাহিদ হাসান (২১) ও নামাপাড়া গ্রামের শ্রী হৃদয়ের ছেলে শ্রী সম্পদ (২০)। তারা সামিট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসির প্রথমবর্ষের ছাত্র ছিলেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নাহিদ ও সম্পদ মোটরসাইকেলে মির্জাপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে কৃষ্ণপুর ঈদগাহ মাঠ নামক স্থানে পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ওই দুই শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যান।
