মুম্বাই সফরে গিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় তিনি সেখানে পৌঁছান। এরপর ভারতীয় শিবসেনার নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তৃণমূলের এই নেত্রী। খবর প্রকাশ করেছে এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাই পৌঁছানোর পরই সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সেখান থেকে পুলিশ মেমোরিয়ালে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ২৬/১১ হামলায় শহিদ পুলিশ কর্মী তুকারাম ওম্বলেকে।
এই সফরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করার কথা ছিল মমতার। কিন্তু তিনি (উদ্ধব ঠাকরে) অসুস্থ থাকায় সেটা আর হয়ে ওঠেনি। পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন উদ্ধব ঠাকরের ছেলে ও রাজ্যের মন্ত্রী আদিত্য ঠাকরে এবং শিবসেনার বিধায়ক সঞ্জয় রাউত।
ধারণা করা হচ্ছে, আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে পুরো ভারতে বিজেপি বিরোধী দলগুলোকে একজোট করার চেষ্টা করছেন মমতা। সেটিরই অংশ হিসেবে তার মুম্বাই সফর। কারণ, বিজেপির অন্যতম বিরোধী হিসেবে পরিচিত শিবসেনা।
