নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়ক জিয়াউল রোশান। এ সিনেমায় তার সঙ্গে দেখা যাবে প্রিয়মনিকে। প্রথমবার তারা সিনেমার পর্দায় জুটি হয়ে হাজির হবেন। মঙ্গলবার (৩০ নভেম্বর) এ সিনেমাটির জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করেন এই দুই তারকা। এতে ছবিটির নাম এখনো চূড়ান্ত হয়নি।
আরটিভির নিজস্ব কার্যালয়ে এ সিনেমাটির চুক্তিবদ্ধ হওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক, সৈয়দ আশিক রহমান। আরও উপস্থিত ছিলেন আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব।
বেঙ্গল মাল্টিমিডিয়া করপোরেশনের ব্যানারে সিনেমাটি নির্মাণ করবেন মাসুদ মহিউদ্দীন ও মাহামুদ হাসান শিকাদার। এর সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন ফজলুল হক আকাশ। এতে জিয়াউল রোশান ও প্রিয়মনি প্রধান দুটি চরিত্র ছাড়াও আরও অনেকে অভিনয় করছেন।
পরিচালক মাসুদ মহিউদ্দীন বলেন, ‘আমি সকল নির্মাণের ক্ষেত্রেই একটি বিষয় বিশ্বাস করি তা হচ্ছে টিমওয়ার্ক। এর আগেও বেঙ্গলের একটি কাজ করেছি। এখন নতুন একটি চলচ্চিত্র করতে যাচ্ছি। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে। ভিন্ন রকমের একটি গল্প নিয়ে আমরা হাজির হতে যাচ্ছি। আশা করি সবাই আমাদের জন্য ভালোবাসা রাখবেন।
চিত্রনায়ক রোশান বলেন, ‘এ নিয়ে বেঙ্গলের আমি তিনটি কাজ করতে যাচ্ছি। আসলে অনেক ভাগ্যবান, অল্পতেই অনেক বড় বড় মানুষদের আশির্বাদ ও ভালোবাসা পেয়েছি। তার মধ্যে অন্যতম হচ্ছেন সৈয়দ আশিক স্যার। এজন্য আমি চিরকৃতজ্ঞ। এ ছবিটি দর্শকের কাছে ভিন্নতা নিয়ে আসবে। আর দর্শকও এখন ভালোমানের গল্প দেখতে চান, ভিন্ন কিছু পেতে চান।’
নতুন সিনেমায় চুক্তিবদ্ধের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরটিভির আর এন্ড ডি প্রধান প্রদীপ ভট্টাচার্য্য, বিজ্ঞাপন ও বিপণন প্রধান সুদেব চন্দ্র ঘোষ, ডেপুটি হেড অব নিউজ মামুনুর রহমান খান, সিএসএম প্রধান কবির আহমেদসহ আরো অনেকে।
খুব শিগগিরই আনুষ্ঠানিক মহরতের মাধ্যমে এ সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন মনোরম পরিবেশে।
ইত্তেফাক/বিএএফ

ট্রাইব্যুনালে পরীমণি