শরীয়তপুরে ৬ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদে প্রায় ৫শ ৬৯ টি পদ শূন্য রয়েছে। এমন পরিস্থিতিতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার নড়িয়া উপজেলায় প্রধান শিক্ষকের ৫০টি ও সহকারী শিক্ষকের ৩৭টি, সদর উপজেলায় প্রধান শিক্ষকের ৩২টি ও সহকারী শিক্ষকের ৬২টি, ভেদরগঞ্জ উপজেলায় প্রধান শিক্ষকের ৪৪টি ও সহকারী শিক্ষকের ১০০টি, ডামুড্যা উপজেলায় প্রধান শিক্ষকের ২৪টি ও সহকারী শিক্ষকের ৪০টি, জাজিরায় উপজেলায় প্রধান শিক্ষকের ৪১টি ও সহকারী শিক্ষকের ৬৯টি এবং গোসাইরহাট উপজেলায় প্রধান শিক্ষকের ২৮টি ও সহকারী শিক্ষকের ৪২ পদ শূন্য রয়েছে।
সদর উপজেলার রুদ্রকর, আংগারিয়া, তুলাসার, পালং, ডোমসার ইউনিয়নে অন্তত ২০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছে, মহামারি করোনার কারণে তাদের লেখাপড়া চরমভাবে ব্যাহত হয়েছে। এরপর যদি শিক্ষক না থাকে তাহলে আমাদের লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়বে।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রধান শিক্ষক জানিয়েছেন, প্রয়োজনীয় সংখ্যক প্রধান ও সহকারী শিক্ষক না থাকায় কম-বেশি প্রায় প্রত্যেকটি বিদ্যালয়েই নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, শূন্যপদ সংক্রান্ত তথ্য বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
