সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে পরিবহনের চাপায় এক স্কুল ছাত্র আহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বুধবার (১ ডিসেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের রাজালাখ ফার্ম এলাকায় এ সড়ক অবরোধ করা হয়। এ সময় প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে পুলিশের আশ্বাসের সড়ক ছেড়ে দেয় তারা। অবরোধ চলাকালীন শিক্ষার্থীরা প্রত্যেকটি গাড়ির লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স চেক করতে দেখা যায়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, সকালে মর্নিং গ্লোরি স্কুলের ছাত্র আতিককে অজ্ঞাত একটি পরিবহন চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে সবাই ঢাকা-আরিচা সড়কে নেমে আসে। একপর্যায়ে শিক্ষার্থীরা সাভার রাজালাখ ফার্মের সামনে প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচলে স্বাভাবিক করে।
এ বিষয়ে সাভার ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই এডমিন) আব্দুস সালাম বলেন, শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। স্কুল ছাত্রকে চাপা দেওয়া পরিবহনটি চিহ্নিত করার চেষ্টা চলছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
