গরুর মাংস খাওয়া নিষিদ্ধের দাবিতে অনেকদিন ধরেই সরব ভারতের বিভিন্ন রাজ্য। বিশেষ করে ক্ষমতাসীন বিজেপিশাসিত অঞ্চলগুলোতে এই দাবি আরো জোড়ালো। এবার মাছকেও ছাড়লেন না দেশটির কেন্দ্রীয় সরকারের মৎস্যমন্ত্রী পুরুষোত্তম রূপালা।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি গুজরাটের এক অনুষ্ঠানে পুরুষোত্তম রূপালা মাছ নিয়ে এমন মন্তব্য করেছেন।
পুরুষোত্তম বলেন, দেবী লক্ষ্মীর বাবার বাড়ি সমুদ্র। মাছও কিন্তু সমুদ্র কন্যা। সে হিসেবে মাছ দেবী লক্ষ্মীর ‘বোন’। তাই মাছের কাছে আমাদের আশীর্বাদ নেওয়া উচিত।
তিনি বলেন, মৎস্যশিল্প নিয়ে মানুষের কাছে তথ্য কম। যার কারণে এই শিল্পের বিস্তারে অনেকেই আগ্রহী নয়। লক্ষ্মী হলেন ধন-সম্পত্তির দেবী। তার বোন থেকেও আপনারা সেই আশির্বাদ পেতে পারেন। সে লক্ষ্যে মৎস্যশিল্প নিয়ে কাজ শুরু করুন।
