ভাঙ্গুড়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত

আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৭:৩০

পাবনার ভাঙ্গুড়ায় ঢাকা-ঈশ্বরদী রেলপথে বড়ালব্রিজ স্টেশনে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকাল পৌনে ৪টার সময় ট্রেনটি ঈশ্বরদী অভিমুখে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বড়ালব্রিজ স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ জোরে শব্দ হয়। তারপর পেছনের দশটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। একটি বগি কাত হয়ে যায় এবং বিচ্ছিন্ন বগির একটি চাকা রেল থেকে পড়ে যায়।

লাইনচ্যুত ট্রেন। ছবি: ইত্তেফাক

বড়ালব্রিজ স্টেশনের বুকিং ক্লার্ক মি. মামুন বলেন, ‘পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন না আসা পর্যন্ত এ পথে কোনো ট্রেন চলাচল করতে পারছে না।’

এদিকে চাটমোহর স্টেশনে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ও উল্লাপাড়া স্টেশনে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেন আটকে আছে।

ইত্তেফাক/এএএম