ইউক্রেনের সীমান্তে জড়ো হয়েছে প্রায় ৯০ হাজার রাশিয়ান সেনা। বর্তমান পরিস্থিতি নিয়ে তীর্যক মন্তব্য করছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া, কথা হচ্ছে হুমকির সুরে। এরই মধ্যে সুইডেনের স্টকহোমে ইউক্রেন সংকট নিয়ে বৈঠক করলেন মার্কিন এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) একথা জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, প্রায় ৩০ মিনিট বৈঠক করেন যুক্তরাষ্ট্রের এন্টনি ব্লিনকেন এবং রাশিয়ার সের্গেই ল্যাভরভ। বৈঠকে ব্লিনকেন বলেন, 'ইউক্রেনে আগ্রাসন চালালে রাশিয়াকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। সংকট এড়ানোর সর্বোত্তম উপায় কূটনীতি।' এর আগেও তিনি একই ধরনের হুমকি দিয়েছিলেন।
ল্যাভরভ সাংবাদিকদের বলেন, মস্কো কিয়েভের (ইউক্রেন) সঙ্গে সংলাপের জন্য প্রস্তুত। আমরা কোনো সংঘাত চাই না। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এমন মনোভাব রাখেন।
