৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণবঙ্গে ট্রেন চলাচল শুরু

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ০১:০০

ঢাকা-ঈশ্বরদী রুটে পাবনার ভাঙ্গুড়ার বড়ালব্রিজ স্টেশনে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ আবার শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার সময় একটি মালবাহী ট্রেন ঈশ্বরদী অভিমুখে যাওয়ার সময় বড়ালব্রিজ স্টেশনে দুর্ঘটনার শিকার হয়। লাইনচ্যুত হওয়ার ৬ ঘণ্টা পর রাত ১০টায় আবার ট্রেন চলাচল শুরু হয়।  

এ ঘটনায় কেউ হতাহত না হলেও ঢাকার সাথে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিকেল ৬টায় পাকশি থেকে রিলিফ ট্রেন (ক্রেনযুক্ত) এসে উদ্ধার তৎপরতা শুরু করে। 

এসময় রেলের পাকশি বিভাগের সহকারী প্রকৌশলী শিপন আলী উদ্ধার কাজ তদারকি করেন। ভাঙ্গুড়া উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান রাতে উদ্ধার কাজ পরিদর্শন করেন।

বড়ালব্রিজ স্টেশন মাস্টার শফিউল আলম জানান, স্টেশনের উভয় দিকে অন্তত ১০টি ট্রেন আশপাশের স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষার পর রাত ১০ টায় যাতায়াত করে। এ কারণে রাতের ট্রেনগুলো কয়েক ঘণ্টা বিলম্বে যাতায়াত করে। এতে যাত্রী সাধারণ দুর্ভোগের শিকার হন।

 

ইত্তেফাক/এমএএম