নীলফামারীর ‘জঙ্গি আস্তানা’ থেকে আটক ৫

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৩:৪৯

নীলফামারী সদরের মাঝাপাড়া এলাকার ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি ওই বাড়ি থেকে বোমা সদৃশ বস্তু ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব।

শনিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর পরিচালক রেজা আহমেদ। 

র‌্যাব-১৩ এর পরিচালক বলেন, জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করা হয়েছে। এ সময় বোমা তৈরির সরাঞ্জাম ও উন্নত বিস্ফোরক ডিভাইস (আইইডি) জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম কাজ করছে। 

এর আগে জঙ্গি আস্তানা সন্দেহে শনিবার (৪ ডিসেম্বর) ভোররাত থেকেই নীলফামারী সদরের মাঝাপাড়া পুটিহারি এলাকার ওই বাড়িটি ঘিরে রাখে র‍্যাব ও স্থানীয় থানা পুলিশের সদস্যরা। 

এ বিষয়ে রংপুর র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

 

ইত্তেফাক/ইআ