চিকিৎসক সংকট: সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসা কার্যক্রম ব্যাহত

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৩:৩২

চিকিৎসক সংকটে সিরাজগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। মেডিকেল অফিসার, সিনিয়র কনসালটেন্ট, জুনিয়র কনসালটেন্টসহ ২৪টি চিকিৎসকের পদ শূন্য থাকায় রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫৮টি চিকিৎসকের পদ থাকলেও মাত্র ৩৪ জন চিকিৎসক দিয়ে এই হাসপাতালের চিকিৎসা কার্যক্রম চলছে। এছাড়াও ৬৫টি তৃতীয়ও চতুর্থ শ্রেনীর কর্মচারীর পদও শূন্য রয়েছে। প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক না থাকায় বহি:বিভাগে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের। এতে করে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বার বার অভিযোগ করেও সুফল পাওয়া যাচ্ছেন না। 

চিকিৎসা নিতে আসা চর মালশাপাড়া গ্রামের শহিদুল  ইসলাম, রানীগ্রামের বেলী, চর মালশাপাড়ার সালেহা বেগম বলেন, অনেক সময় ধরে ডাক্তার দেখানোর জন্য বসে আছি। কিন্তু ডাক্তারের সিরিয়াল পেতে দেরী হচ্ছে। তাছাড়াও কামারখন্দের শ্যামপুর গ্রামের দিনমজুর সোলেমান (৬০) জানান, হাসপাতাল হতে ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ঔষধ দেওয়া হলেও অনেক সময় কোন কোন ঔষধ পাওয়া যায় না বলে অভিযোগ করেন।  

এ বিষয়ে হাসপাতালের তত্ববধায়ক  ডা. মো. সাইফুল ইসলাম বলেন, হাসপাতালে ২৪ জন  ডাক্তার এবং  ৬৫ জন তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারীর পদ খালি রয়েছে। ফলে চিকিৎসা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। ইতিমধ্যে চিকিৎসক নিয়োগ দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। চাহিদা অনুযায়ী চিকিৎসক নিয়োগ দেওয়া হলে এ সংকট থাকবেনা বলে তিনি জানান ।  

 

 

 

 

ইত্তেফাক/ইআ