মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি চার বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। অপরাধ প্রমাণিত হওয়ায় সোমবার (৬ ডিসেম্বর) এ রায় দিয়েছেন দেশটির একটি আদালত। তবে সেই শাস্তি কমালো দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে।
প্রতিবেদনে বলা হয়, জান্তা সরকার সু চির সাজা দুই বছর কমিয়েছে। সামরিক বাহিনী-নিযুক্ত সরকার প্রধানের আংশিক ক্ষমার ভিত্তিতে সু চির কারাদণ্ড কমানো হয়েছে।
এক বিবৃতিতে জান্তা প্রশাসন জানায়, অপরাধ প্রমাণিত হওয়ায় সাবেক প্রেসিডেন্ট উইন মিন্ট চার বছরের কারাদণ্ড পেয়েছেন। তার সাজার মেয়াদও দুই বছর কমানো হয়েছে। ফলে তিনিও দুই বছর সাজা ভোগ করবেন।
মিয়ানমারের জান্তা সরকারের মুখপাত্র জাউ মিন তুন বলেছেন, বর্তমানে তারা যেখানে আছেন, সেখান থেকেই অন্য অভিযোগগুলোর মুখোমুখি হবেন।
গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হন অং সান সু চি। এর পরই তাকে আটক করে জান্তা। তখন থেকেই সেনাদের অধীনে গৃহবন্দী তিনি।
তাকে ক্ষমতা থেকে সরানোর কারণ হিসেবে জান্তা সরকারের দাবি, ২০২০ সালে অনুষ্ঠিত মিয়ানমারের সাধারণ নির্বাচনে ভোট কারচুপি করে অবৈধভাবে ক্ষমতায় এসেছে সু চির নেতৃত্বাধীন এনএলডি।
