মুরাদ হাসানের এমপি পদে থাকার বৈধতা নিয়ে রিট

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১১:১৭

তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানের সংসদ সদস্য (এমপি) পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ এ রিট করেন। 

রিটে জামালপুর-৪ আসনের এমপি মুরাদ হাসানে কর্মকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তও চাওয়া হয়েছে।

অশালীন, শিষ্টাচারবহির্ভূত ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেওয়ায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে ৭ ডিসেম্বরের মধ্যে পদত্যাগ করতে বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এরপর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান বুধবার (৭ ডিসেম্বর) তার দফতরে পদত্যাগপত্র জমা দেন। তথ্য মন্ত্রণালয়ের সূত্রমতে, পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়ে তথ্য প্রতিমন্ত্রীর পদত্যাগের কথা উল্লেখ করা হয়েছে।

সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে প্রতিমন্ত্রীর করা অশ্লীল মন্তব্যকে ঘিরে তীব্র সমালোচনা হচ্ছিল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। 

এরমধ্যেই গত সোমবার ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রতিমন্ত্রীর ফোনালাপের একটি অডিও ছড়িয়ে পড়ে। যেখানে একজন চিত্রনায়িকার সঙ্গে কথা বলার সময় তিনি অশ্লীল ভাষা ব্যবহার করেন। এ নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ইত্তেফাক/এএএম

এ সম্পর্কিত আরও পড়ুন