অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরলেন বিয়াঙ্কা 

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১১:৪৯

করোনা শুধু শারীরিক নয় মানসিক স্বাস্থ্যেও বড় প্রভাব ফেলেছে। মানুষের মধ্যে এক দিকে যেমন আছে করোনায় সংক্রমিত হওয়ার ভয়, তেমনই দেশে-বিদেশে, সপ্তাহের পর সপ্তাহ কোয়ারেন্টাইন থাকার জন্য তৈরি হয় মানসিক অবসাদ। যাকে বলা হয় বায়ো বাবল ফ্যাটিগ। একের পর এক খেলোয়াড় বিশ্বের নানা প্রান্তের বিভিন্ন টুর্নামেন্ট থেকে নাম তুলে নিচ্ছেন। এ বার যেমন অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে গেলেন বিয়াঙ্কা আন্দ্রেস্কু।

বিয়াঙ্কা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে লিখেছেন, “একাধিক কারণে গত দুটো বছর আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল। নিজেকে ফিরে পাওয়ার জন্য বাড়তি সময় দেওয়া খুব জরুরি। তাই ২০২২ সালের অস্ট্রেলিয়ান ওপেনে আমি খেলব না।”

কানাডার এই টেনিস খেলোয়াড় আরও বলেছেন, “চলতি বছরে সপ্তাহের পর সপ্তাহ কোয়ারেন্টাইন ও আইসোলেশনে থাকতে হয়েছে। এটা আমাকে শারীরিক ও মানসিক ভাবে ক্লান্ত করে তুলেছে। আমার দাদি করোনা সংক্রমিত হয়ে কয়েক সপ্তাহ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। আমার কাছে সেটা মানিসক ভাবে বড় ধাক্কা ছিল। তারমধ্যেই খেলেছি। বুঝতে পারছিলাম, আমি নিজের সেরাটা দিতে পারছি না। মনে হচ্ছে, আমাকে গোটা পৃথিবীর বোঝা মাথায় নিয়ে চলতে হচ্ছে।”

২০১৯ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন বিয়াঙ্কা আন্দ্রেস্কু ২০২১ সালের মৌসুম শেষ করেছেন ৪৬ নম্বরে। ২০২০ সালে চোটের জন্য কোর্টে ছিলেন না তিনি। ২১ বছরের এই টেনিস সুন্দরী গত মৌসুমে অস্ট্রেলিয়ান ওপেনে কোর্টে নেমেছিলেন। তবে ফল ভালো হয়নি। এর দুই মাস পরে ডাব্লিউ টি এ ১০০০ টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন। কিন্তু চোটের জন্য সেই ম্যাচ ছেড়ে দেন তিনি।

ইত্তেফাক/এফএস