আবরার হত্যা মামলার রায় পড়া চলছে 

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ২১:৩৯

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায় পড়া চলছে। আজ বুধবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে রায় পড়া শুরু হয়। 

এর আগে, সকাল সোয়া ৯টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নিয়ে আসা হয়।

আসামিদের মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় তাদের রাখা হয়েছে। দুপুর ১২টার দিকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত আলোচিত এই মামলার রায় ঘোষণা করবেন। রায় ঘোষণার আগে তাদের এজলাসে তোলা হবে।

এর আগে, গত ২৮ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য ছিল। রায় প্রস্তুত না হওয়ায় আদালত ৮ ডিসেম্বর দিন ধার্য করেন।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় পরের দিন ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। ওই বছরের ১৩ নভেম্বর ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) ঢাকা মহানগর দক্ষিণের পরিদর্শক ওয়াহেদুজ্জামান।

গত বছরের ১৫ সেপ্টেম্বর ২৫ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করেন আদালত। এ মামলায় ৬০ সাক্ষীর মধ্যে ৪৬ জনের সাক্ষ্য নেন আদালত। 

ইত্তেফাক/কেকে