২০২১ সালে সর্বাধিক সার্চ হওয়া পুরুষ তারকা সিদ্ধার্থ শুক্লা, নারীদের শীর্ষে কারিনা : ইয়াহু

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১২:৫৪

'ইয়াহু' সার্চ ইঞ্জিন প্রকাশ করলো এই বছরের 'ইয়ার ইন রিভিউ ২০২১'। 'ইয়াহু'-র রিপোর্ট অনুযায়ী এই বছরে, প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লা ইন্টারনেটে সবচেয়ে বেশি সার্চ হওয়া পুরুষ তারকা।

'বিগ বস' রিয়েলিটি শোয়ে প্রবলভাবে সাধারণ মানুষের মনে জায়গা করে নেন সিদ্ধার্থ শুক্লা। ২০২১ সালের ২ সেপ্টেম্বর, মৃত্যু হয় টেলিজগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লার। প্রসঙ্গত 'বিগ বস'-এর সঞ্চালক হচ্ছেন সালমান খান। এদিকে সবচেয়ে বেশি সার্চ হওয়া পুরুষ তারকার তালিকায় সিদ্ধার্থের পরেই সালমান খানের নাম। 

সালমান খানের পরে, খুব অল্প ব্যবধানে তৃতীয় স্থানে রয়েছেন তেলুগু অভিনেতা অল্লু অর্জুন। চতুর্থ স্থানে প্রয়াত কন্নড় অভিনেতা পুনিত রাজকুমার ও কিংবদন্তী প্রয়াত অভিনেতা দিলীপ কুমার। অন্যদিকে সবচেয়ে বেশি সার্চ হওয়া নারী তারকার তালিকায় এই বছর শীর্ষে রয়েছেন কারিনা কাপুর খান। দ্বিতীয় সন্তান অর্থাৎ জে-র জন্য গর্ভাবস্থায় তিনি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এরপর জে-র জন্ম ও বেড়ে ওঠায় সাধারণের আগ্রহ তো আছেই। 

জে ও তৈমুরের বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করে তার  ইনস্টাগ্রাম থেকে অনুরাগীদের চোখ ফেরাতে দেন না তিনি। অন্যদিকে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ক্যাটরিনা কাইফ। ভিকি কৌশলের সঙ্গে তার বিয়ের আপডেটের দিকে অনেকে তাকিয়ে আছে। এরপর তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোন।

২০২১ সালের ইয়াহু 'ইয়ার এন্ডার'-এ 'দ্য বিগেস্ট নিউজমেকার', অর্থাৎ খবরের শিরোনামে দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছে মাদক কাণ্ডে শাহরুখ পুত্র আরিয়ান খানের গ্রেফতারি।

ইত্তেফাক/এফএস