সাকিবের বায়োপিক বানাতে আগ্রহী সৃজিত

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৯:২২

দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন করতে বাংলাদেশে (শ্বশুর বাড়ি) এসেছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার স্বামী ও কলকাতা বাংলা সিনেমার নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জি। সময়টা একদম অবসরের। তাই বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ম্যাচ দেখতে বুধবার (০৮ ডিসেম্বর) ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গিয়েছিলেন তারা। খেলা দেখার ফাঁকে গণমাধ্যমের কাছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে বায়োপিক বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন সৃজিত।

সৃজিত বলেন, সাকিবকে নিয়ে এখনও কোনো চলচ্চিত্র হয়নি কেন-সেটাই ভাবছি। সে এমন একজন আন্তর্জাতিক মানের অলরাউন্ডার, আমি ভেবেছিলাম এতদিনে তো হুড়োহুড়ি লেগে যাবে যে কে বানাবে। যদি বানানো হয়, অবশ্যই আমার আগ্রহ থাকবে বানানোর জন্য।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলা দেখতে যান রাফিয়াত রশিদ মিথিলা ও সৃজিত মুখার্জি। ছবি: সংগৃহীত

তবে শুধু সাকিব আল হাসান না, সাবেক ক্রিকেটার রকিবুল হাসানকে নিয়েও সিনেমার বানানোর ইচ্ছের কথা জানান তিনি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ‘জয় বাংলা’ ব্যাট নিয়ে মাঠে নেমেছিলেন রকিবুল। সে ঘটনাই মন ছুঁয়েছে এই নির্মাতার। তবে এই বায়োপিক দুইটি ব্যাপারে এখনো কারো সঙ্গে আনুষ্ঠানিক কথা হয়নি বলেও জানিয়েছেন তিনি।

কথা বলার ফাঁকে নিজের পরবর্তী কাজের প্রচারণা করতেও ভুল করেননি তিনি। জানিয়ে দিলেন, ফেলুদাকে নিয়ে বানানো ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন আসবে আগামী মাসে। তৃতীয় সিজনের কাজও শেষ। মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে।

ইত্তেফাক/বিএএফ