জেনারেল বিপিনকে নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারটি তৈরি হয়েছিল যেখানে

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ২০:৪৩

ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াতসহ মোট ১৩ জন নিহত হয়েছেন এক সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায়। জানা গেছে, কপ্টারটির মডেল এমআই-১৭ভি৫। এটি একটি উন্নত সামরিক পরিবহন হেলিকপ্টার। বুধবার (৮ ডিসেম্বর) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সাল থেকে এই কপ্টারটি ভারতীয় বিমানবাহিনীতে আছে। এটি তৈরি হয়েছিল রাশিয়ান হেলিকপ্টারের সাবসিডিয়ারি কাজানে। হেলিকপ্টারটিতে একটি অনবোর্ড ওয়েদার রাডার ছিল। একইসঙ্গে সর্বশেষ সংস্করণের নাইট ভিশন ডিভাইসও বসানো ছিল এই কপ্টারে। টেক অফের সময় এটা সর্বোচ্চ ১৩ হাজার কেজি ওজন নিতে পারত।

এদিকে জেনারেল রাওয়াত একজন অসামান্য যোদ্ধা ছিলেন বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, তিনি একজন সত্যিকারের দেশপ্রেমিক। তিনি আমাদের সশস্ত্র বাহিনী এবং নিরাপত্তার আধুনিকায়নে ব্যাপক অবদান রেখেছিলেন। কৌশলগত বিষয়ে তার অন্তর্দৃষ্টি এবং দৃষ্টিভঙ্গি ছিল ব্যতিক্রমী। তার মৃত্যু আমাকে গভীরভাবে শোকাহত করেছে।

 

 

ইত্তেফাক/এসএ