আইডিএলসি- প্রথম আলো পুরস্কার পেলো ৬ এসএমই উদ্যোক্তা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ২১:০১

ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের ছয় জন উদ্যোক্তাকে সম্মাননা জানিয়েছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ও দৈনিক সংবাদপত্র প্রথম আলো। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এই আয়োজনে শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, উৎপাদন শিল্প ও সেরা নারী উদ্যোক্তা এবং বিশেষ পুরস্কারসহ ছয়টি ক্যাটাগরিতে ছয় জন সেরা উদ্যোক্তাকে 'আইডিএলসি-প্রথম আলো এসএমই অ্যাওয়ার্ড ২০২১' সম্মাননায় ভূষিত করা হয়।

তাদের মধ্যে, স্বাস্থ্য খাতে পুরস্কার পেয়েছেন বাইবিট লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি ড. খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী। শিক্ষা খাতে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন, কৃষিতে রাইয়্যান অ্যাগ্রো লিংকের ব্যবস্থাপনা পরিচালক রাজিয়া সুলতান, উৎপাদন শিল্পে জনতা ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী মো. ওলি উল্লাহ পুরস্কার পেয়েছেন। সেরা নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন নবাবী ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরুন্নাহার খানম এবং বিশেষ পুরস্কার পেয়েছেন ক্লে-ইমেজের স্বত্বাধিকারী ও প্রতিষ্ঠাতা রেহানা আক্তার।

বিচারক প্যানেলের সভাপতিত্ব করেন ড. নাজনীন আহমেদ, কান্ট্রি ইকোনোমিস্ট, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। বিচারকমণ্ডলীর অন্যান্য সদস্যগণ ছিলেন: মো. জাকের হোসেন, মহাব্যবস্থাপক, এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক; ফারজানা খান, মহাব্যবস্থাপক এসএমই ফাউন্ডেশন; মির্জা নূরুল গণী শোভন, সিআইপি, সভাপতি, জাতীয় ক্ষুদ্র ও কুটিরশিল্প সমিতি, বাংলাদেশ; এবং মুহাম্মদ গাজী তৌহীদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এফ এম প্লাস্টিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেড, জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার বিজয়ী ২০১৮।

আয়োজনের চূড়ান্ত পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন উল্লেখযোগ্য সংখ্যক এসএমই উদ্যোক্তা, অতিথিগণ ও সাংবাদিকবৃন্দ, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এর সিইও এবং এমডি এম জামাল উদ্দিন এবং প্রথম আলো এর সম্পাদক মতিউর রহমানসহ আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এবং প্রথম আলোর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

উন্নত দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধির পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্ষুদ্র ও মাঝারী ব্যবসাখাত। ওই সকল দেশের এর প্রবৃদ্ধিতে ক্ষুদ্র ও মাঝারী ব্যবসাখাত এর অবদান গড়ে প্রায় ৬০ শতাংশ, যেখানে বাংলাদেশের জিডিপিতে এই ব্যবসাখাত এর অবদান মাত্র ২৩ থেকে ২৭ শতাংশ। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, এ খাতের উন্নয়ন একদিকে যেমন পর্যাপ্ত পরিমাণে কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখবে অন্যদিকে মানুষের জীবন যাত্ৰার মান উন্নয়নে সহায়ক হবে।

 

ইত্তেফাক/জেডএইচডি