নবনির্মিত তিন স্থাপনা উদ্বোধন করেছেন সেনাপ্রধান

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১০:২৯

ঢাকা সেনানিবাসস্থ ৯০১ সেন্ট্রাল ওয়ার্কশপ ইএমই পরিদর্শন এবং নবনির্মিত তিনটি স্থাপনা উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বুধবার (৮ ডিসেম্বর) এ উদ্বোধন করেন তিনি। 

নবনির্মিত তিনটি স্থাপনার মধ্যে রয়েছে লাইট ভেহিক্যাল রিপেয়ার শেড, ইউএন শেড ও মডার্ন ইলেকট্রনিক্স ল্যাব। 

নবনির্মিত লাইট ভেহিক্যাল রিপেয়ার শেডে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে ব্যবহৃত সকল ধরনের হালকা যানবাহন মেরামত করা হবে। ইউএন শেডে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন সংশ্লিষ্ট যানবাহন ও সরঞ্জামাদি মেরামত করা হবে এবং আধুনিক যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে মেরামত কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি পাবে। 

নবনির্মিত ইউএন সেড উদ্বোধন করেন সেনাপ্রধান। ছবি: আইএসপিআর

মডার্ন ইলেকট্রনিক্স ল্যাব একটি স্বয়ংসম্পূর্ণ আধুনিক মানের ল্যাব যেখানে বাংলাদেশ সেনাবাহিনীতে ব্যবহৃত সাঁজোয়া যানবাহন এবং ফায়ারিং ও কমিউনিকেশন সরঞ্জামাদিতে ব্যবহৃত প্রিন্টেড সার্কিট বোর্ডসমূহের ক্রটি নির্ণয় ও মেরামত সম্ভব হবে। এসব মেরামত স্থাপনার মাধ্যমে সরকারি অর্থের সাশ্রয় হবে। 

এছাড়া মূল্যবান সরঞ্জামাদি সচল রাখতে এই ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ৯০১ সেন্ট্রাল ওয়ার্কশপে নবনির্মিত এই তিনটি স্থাপনা বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে ও আধুনিকায়নে বিশেষ অবদান রাখবে।

ইত্তেফাক/এএএম