স্পর্শিয়ার ব্যবসার লাভের টাকা পাবে সুবিধাবঞ্চিত শিশুরা!

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৮:১০

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার জন্মদিন ছিলো বুধবার। দিনটিতে ২৪ বছর পূর্ণ করলেন তিনি। জন্মদিনে নিজের বয়সের সংখ্যাটা অকপটেই বললেন ‘আবার বসন্ত’  সিনেমার এ নায়িকা। বিশেষ এ দিনটিতে নিজের আরও একটি বিশেষ যাত্রার কথা জানালেন তিনি। ‘টাচ বাই স্পর্শিয়া’ নামে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা এ দিন থেকেই ঘোষণা করলেন। জানালেন এই ব্র্যান্ডের প্রতিটি পোশাকের লভ্যাংশ থেকে ১০% অর্থ যাবে ‘আলোকিত শিশু’ নামের এক ফাউন্ডেশনে। প্রতিষ্ঠানটি সুবিধাবঞ্চিত শিশু, পথশিশুদের নিয়ে কাজ করে। 

স্পর্শিয়া বলেন, টাচ বাই স্পর্শিয়া  ব্যবসার উদ্দেশ্যেই গড়ে তুলেছি। আজ এটির আনুষ্ঠানিক যাত্রা করলেও অনেক আগেই এর কাজ শুরু হয়েছে। করোনার আগেই আমাদের এই ই-কমার্স ওয়েবসাইটটি চালু করার ইচ্ছে ছিল। সব সেভাবেই গুছিয়ে এনেছিলাম। কিন্তু করোনা এসে সব এলোমেলো করে দিল। দুই বছর পিছিয়ে পড়লাম। সব চড়াই-উত্রাই পার করে অবশেষে আমরা মানুষের কাছে পৌঁছতে পারছি। আশা করছি আমার ব্র্যান্ডের পোশাক মানুষের পছন্দ হবে।’

অর্চিতা স্পর্শিয়া

রাজধানীর অদূরে আশুলিয়ায়র ‘ওয়েটনেসডে ক্যাফে’ নামের একটি মনোরম রেস্টুরেন্টে নিজের জন্মদিন উদযাপনের এ সময় আলোকিত শিশু ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা মিথুন দাস কাব্য উপস্থিত ছিলেন।

স্পর্শিয়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মিথুন বলেন, আলোকিত শিশু ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার লক্ষই ছিলো অবহেলিত শিশুদের শিক্ষাদানে কাজ করা। আমরা আমাদের লক্ষ পূরণে নিরন্তর কাজ করব যাচ্ছি। এই যাত্রায় এবার স্পর্শিয়া যুক্ত হলেন। একজন সেলিব্রেটি হিসেবে দায়িত্বশীলতার জায়গা থেকে স্পর্শিয়া তার প্রতিষ্ঠানের দশ পার্সেন্ট এখানে ডোনেট  করবেন।স্পর্শিয়ার  এ উদ্যোগ দেখে অনেক তারকা সেলিব্রেটিরাই এ পথে আসতে উতসাহ পাবেন।এতে করে অবহেলিত শ্রেণির শিশুরা শিক্ষা লাভ করার সুযোগ আরও বাড়বে।

অর্চিতা স্পর্শিয়া

শুধু ফ্যাশন ব্র্যান্ড নয়, জন্মদিনে স্পর্শিয়া নিজের প্রযোজনা সংস্থার নতুন কাজেরও ঘোষণা নিয়েছেন। তার প্রডাকশন হাউজ কচ্ছপ ফিল্মস আর ক্রিয়েটিভ কোম্পানি মিলে ‘থিয়েটার এন্টারটেইনমেন্ট’ নামে একটি কর্মপরিকল্পনা সাজিয়েছেন। এখান থেকে নিয়মিত শর্টফিল্ম, নাটক এবং চলচ্চিত্র নির্মিত হবে। স্পর্শিয়া জানান, শিগগিরই ৫ জন তরুণ নির্মাতার ৫টি শর্টফিল্ম দিয়ে আমরা কাজ শুরু করব।

নিজের নতুন ব্র্যান্ডের কালেকশন নিয়ে স্পর্শিয়া বলেন, ‘সাধারণত ব্র্যান্ডগুলোতে এক ডিজাইনের অনেক পোশাক পাওয়া যায়। কিন্তু আমার এখানে থাকবে লিমিটেড এডিশন। প্রতিটি ডিজাইনের পোশাক থাকবে মাত্র ৫-৬ পিস করে। মূলত আমি যে ধরনের শাড়ি পরি, সে ধরনের শাড়ির কালেকশনই বেশি থাকবে। শীতের জন্য হুডি, টি-শার্টসহ কিছু কালেকশন এনেছি। আজ থেকেই যে কেউ টাচ বাই স্পর্শিয়া ওয়েবসাইট থেকে পোশাকগুলো সংগ্রহ করতে পারবেন।’

ইত্তেফাক/বিএএফ