সংযুক্ত আরব আমিরাতের শহর শারজাতে সরকারি খাতে তিন দিন সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী বছরে কর্মসপ্তাহ সোম থেকে বৃহস্পতিবার চার দিন হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম খালিজ টাইমস।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। গত মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাত সরকারি কর্মসপ্তাহ সাড়ে চার দিন এবং সাপ্তাহিক ছুটি শনি ও রবিবার ঘোষণার পর শারজা কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিলো।
এক বিবৃতিতে শারজার নির্বাহী পরিষদ জানায়, আগামী ১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে বাণিজ্যিক পরিবেশ, অর্থনীতির বাজার ও আন্তর্জাতিক অগ্রগতির সঙ্গে তাল মেলাতে সহযোগিতা করবে।
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর মধ্যে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি না থাকা দেশ হতে যাচ্ছে আমিরাত। তেলসমৃদ্ধ আরব দেশটি এখন আরববহির্ভূত দেশগুলোর সঙ্গে তাল মেলানোর চেষ্টা করছে।

