নারায়ণগঞ্জে ট্রাক চাপায় বাবা-মেয়ে নিহত

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৮:৫৩

নারায়ণগঞ্জে ট্রাক চাপায় বাবা-মেয়ে নিহতের ঘটনা ঘটেছে। এসময় রিকশা চালক গুরুতর আহত হয়। 

শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে নগরীর চাষাঢ়ায় জেলা পরিষদের ডাক বাংলোর সামনে এ দুর্ঘটনা ঘটে। 

দুমড়ে মুচড়ে যাওয়া রিকশা। ছবি- ইত্তেফাক

নিহতরা হলেন- সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা এলাকার ব্যবসায়ী আলতাফ হোসেন (৪৫) ও তার মেয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী বেলি (১৫)। 
এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দসহ এর চালককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। 

পুলিশ জানায়, যুক্তরাষ্ট্র থেকে গত ২০ দিন আগে দেশে আসেন বেলি। এরপর নিজের বাড়িতে পরিবারের সাথে কিছুদিন কাটিয়ে চাষাঢ়ায় খালার বাড়িতে বেড়াতে যান। শুক্রবার সকালে বেলির বাবা তাকে নিয়ে যেতে খালার বাড়িতে আসেন। দুপুরে খালার বাসা থেকে বাবার সাথে রিকশায় চড়ে বেলি চাষাঢ়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ডাক বাংলোর সামনে একটি ইটবাহী ট্রাকের ধাক্কায় রিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই বাবা-মেয়ে মারা যান। গুরুতর আহত হন রিকশাটির চালক। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

নিহত আলতাফ হোসেনের স্ত্রী। ছবি: ইত্তেফাক

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ জামাল জানান, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দসহ এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

মেয়ে ও স্বামীকে হারিয়ে স্বজনদের আহাজারি। ছবি: ইত্তেফাক