মাছ-মুরগিতে আগুন, সবজিতে স্বস্তি

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৭:৩৩

রাজধানীর বাজারে ব্রয়লার মুরগির দাম বাড়লেও কমেছে পাকিস্তানি কক মুরগির দাম। এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লারের দাম কেজিতে ১০ টাকা বেড়ে বিকোচ্ছে ১৬৫ টাকার আশেপাশে। তবে একইসময়ে কেজিতে ৫০ টাকা কমেছে কক মুরগির দাম, বিক্রি হচ্ছে ২৫৫ থেকে ২৬৫ টাকায়। এদিকে শীতের সবজির সরবরাহ বাড়ায় এগুলোর দাম সামান্য কমেছে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গাজর ও পাকা টমেটোর দাম কমেছে কেজিতে অন্তত ২০ টাকা। এগুলো যথাক্রমে ৪৫ থেকে ৫৫ এবং ১২৫ থেকে ১৩৫ টাকায় বিকোচ্ছে। বরবটির কেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬৫ টাকা। ফুলকপির পিস ৩৫ থেকে ৪০ টাকা এবং বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫৫ টাকায়, দেশি পেঁয়াজ বিকোচ্ছে ৬০ টাকায়।

মাছের দাম বেড়েছে।

দেখা গেছে, মাছের দাম হঠাৎ বেড়েছে। প্রতিকেজি রুই মাছের দাম আকৃতিভেদে বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা। গত সপ্তাহে ২৭০ থেকে ৩৪০ টাকা কেজিতে বিক্রি হওয়া রুই এখন বিকোচ্ছে ৩২০ থেকে ৪৪০ টাকায়। কাতল মাছের দামও এর আশেপাশে। গত সপ্তাহের তুলনায় পাঙ্গাশ এবং শোল মাছের দাম একই আছে, এগুলো বিকোচ্ছে যথাক্রমে ৫৫০-৬০০ এবং ১৫০ থেকে ১৬০ টাকায়। 

মোহাম্মদপুরের মুরগি ব্যবসায়ী রমজান মিয়া বলেন, হঠাৎ করেই পাইকারি বাজারে ব্রয়লার মুরগির দাম বেড়েছে। পাইকারিতে বাড়লে আমাদেরও বেশি দামে বিক্রি করা লাগে। কক মুরগির সাপ্লাই বেশি, তাই দাম কমেছে।

হাতিরপুল কাঁচাবাজারের সবজি ব্যবসায়ী আলি বলেন, শীতের সবজি ভালোই আসতেছে বাজারে। নতুন আলুও আসছে। সব মিলিয়ে দাম কমছে। সামনে দাম আরও কমতে পারে।

 

ইত্তেফাক/এসএ