হয়রানি করতে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে: শবনম ফারিয়া 

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৮:৫৭

ইভ্যালির কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে অভিনেত্রী শবনম ফারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় মামলা করা হয়েছে। এ বিষয়ে শুক্রবার (১০ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা শবনম ফারিয়া বলেন, ‌‘আমাকে হয়রানি করার জন্যই এ মামলা করা হয়েছে। কেন হয়রানি, কী জন্য হয়রানি, সেটা তো আমি জানি না। আর থানা পুলিশ বলেছে, তারা বিষয়টি তদন্ত করে দেখবে আমার সম্পৃক্ততা আছে কিনা। আমি শিউর, তারা আমার সম্পৃক্ততা পাবে না।’

তিনি আরও বলেন, ‘আমাকে যে কয়েকটা কারণে অপরাধী দেখানো হয়েছে- সেগুলোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আর আমি এখনো ইভ্যালি থেকে এক টাকাও পাইনি। প্রমোশন করলে আমি সেটার জন্য অনেক টাকা নেই। তাদের কাছ থেকে বেতনের টাকা নিয়ে আমি প্রমোশন করবো না বলে চাকরি নেওয়ার আগেই জানিয়েছি।’

অভিনেত্রী শবনম ফারিয়া

ফারিয়ার ভাষ্য, ‘ইভ্যালি নিয়ে আমি ফেসবুকে কোনো রকম পোস্ট শেয়ার করিনি। কারণ, আমি জয়েন করতে করতেই ওদের ঝামেলা শুরু হয়ে যায়। আমি কোনো কাজই করতে পারিনি তাদের সঙ্গে। আমি যে মাসে ইভ্যালিতে জয়েন করি, সে মাসে ইভ্যালির যে পেমেন্টের পয়েন্ট ছিল তা ৭ দিন পরই বন্ধ হয়ে গেছে। সরকার বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে টাকা নেওয়া শুরু করেছে। 

গত ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক তাদের নামে মামলা করেন।  

ইত্তেফাক/কেকে