ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সাদ শ্যাম রহমান নামের ইভ্যালির এক গ্রাহক। আসামিদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মিললে যেকোনো সময় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে ডিএমপি-র রমনা বিভাগের সহ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।
সাদ শ্যাম রহমান তার অভিযোগে উল্লেখ করেছেন, ইভ্যালিতে ৩ লক্ষ ১৮ হাজার টাকার একটি মোটরসাইকেল অর্ডার দিয়েছিলেন তিনি। এখনও সেই মোটরসাইকেল কিংবা অর্থ কিছুই ফেরত পাননি তিনি। এই সংস্থার প্রচারমুখ হয়ে কাজ করেছেন তাহসান, মিথিলা, ফারিয়া। ওই গ্রাহকের দাবি, ইভ্যালির সঙ্গে হাত মিলিয়ে তারাও এই প্রতারণার সঙ্গে যুক্ত। তাই এই তারকারাও অপরাধী এবং শাস্তির যোগ্য।
এ বিষয়ে জনপ্রিয় গায়ক তাহসান হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার কে বলেন, আমি তাদের সঙ্গে যুক্ত হয়েছিলাম ঠিকই কিন্তু তাদের সঙ্গে কাজ শুরু করার আগেই ফেসবুকের পেজে ইভ্যালি সম্পর্কে প্রচুর গ্রাহকের অভিযোগ পাই। ফলে আমি তাদের সঙ্গে চুক্তি বাতিল করি, এবং তাদের কোনো শ্যুটে অংশ নিইনি। আমাদের অকারণে হেনস্থা করা হচ্ছে। তার দাবি, তারকারা যেকোনো সংস্থার শুধুই প্রচারমুখ হিসেবে কাজ করেন। সংস্থা কোন পথে চলবে সেটা দেখা বা জানা তাদের কাজ নয়। সেটা সম্ভবও নয়।
এ ঘটনায় কোনো রকম চিন্তিত নন তাহসান। তিনি পূর্ণ আস্থা রেখেছেন দেশের আইন ও বিচার ব্যবস্থার উপরে। তাহসান বলেন, তদন্তেই প্রকাশিত হবে আসল সত্য। পাশাপাশি, মিথ্যা অভিযোগে জড়ানোর জন্য সংস্থার বিরুদ্ধে তিনি কোনও পদক্ষেপ নেবেন কি না, সে বিষয়ে কিছু বলেননি তিনি। তাহসান পুরোটাই ছেড়ে দিয়েছেন তার ব্যক্তিগত আইনজীবীর উপরে। আইনজীবী যা বলবেন, সেই পথেই হাঁটবেন তিনি।
