‘সারাবিশ্বই এখন ওটিটির দিকে ঝুঁকছে’

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০৯:১১

অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসা নিয়ে দারুণ মনোযোগী চিত্রনায়িকা নিপুণ। এর বাইরে গতকাল থেকে শুরু হতে যাওয়া একটি ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। নিজের অভিনয় ব্যস্ততা, শিল্পী সমিতির নির্বাচনসহ ইন্ডাস্ট্রির নানা বিষয়ে তিনি কথা বললেন ইত্তেফাকের সঙ্গে।

একটি ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছেন। ফেস্টিভ্যালটি নিয়ে জানতে চাই—
ইয়ূথ বাংলা কালচারাল ফোরাম এই ফেস্টিভ্যালটি আয়োজন করেছে। যেহেতু আমি এই সংগঠনটির কালচারাল সেক্রেটারি, তাই আয়োজনের বিষয়টি আমাকেই দেখতে হচ্ছে। উত্সবে ৬০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। গতকাল থেকে শুরু হওয়া এই উত্সবটি ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে।

এর বাইরে আর কোন কাজগুলো নিয়ে ব্যস্ত আছেন?
‘মনোলোক’ শিরোনামের একটি ছবির কাজ শেষ করলাম। এছাড়া নতুন আরো একটি ছবিতে অভিনয়ের কথা চলছে। সবকিছু মিলে গেলে শিগগিরই কাজ শুরু করব। পাশাপাশি ‘হাসো’ নামের একটি কমেডি শো আবার শুরু করছি। কিছুদিন বন্ধ থাকার পর আবারো শোটির ৭ম সিজন শুরু হচ্ছে।

নিপুণ

হলের পাশাপাশি ওটিটি চলচ্চিত্র মুক্তির চর্চা সংকট নিরসনে কতটা ভূমিকা রাখবে?
দেখুন, সারাবিশ্বই তো এখন ওটিটির দিকে ঝুঁকছে। এটাকে আমি ইতিবাচকভাবেই দেখছি। হলের সঙ্গে ওটিটিতে ছবি মুক্তি দিলে সংকট কিছুটা হলেও লাঘব হবে।

ওটিটি নিয়ে আপনার পরিকল্পনা বা প্রত্যাশার জায়গা কোথায়?
আমার তো মনে হয় করোনাকালে ওটিটি না থাকলে মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তো। নেটফ্লিক্স, অ্যামজনসহ বেশকিছু প্লাটফর্ম সেই সমস্যাটির সমাধান করেছে। আমাদের দেশেও মাধ্যমটির যাত্রা শুরু হয়েছে। এরইমধ্যে বেশকিছু কাজ সেখানে প্রশংসিতও হয়েছে। এটা খুবই আশার কথা আমাদের জন্য। আমিও ভালো গল্প ও চরিত্র পেলে মাধ্যমটিতে কাজ করব।

কিন্তু ওটিটির কিছু কাজ প্রশংসিত হলেও থ্রিলারধর্মী সিরিজ বেশি হচ্ছে। এতে শুরুতেই দর্শক অনিহা তৈরি হবে মনে করছেন না?
আসলে থ্রিলারধর্মী কাজ মানুষ বেশি পছন্দ করছে। তাছাড়া থ্রিলার তো বিভিন্ন ধরনের করা যায়। তবে গল্পে ভিন্নতা থাকবে না সেটা বলছি না। বিভিন্ন ঘরানার দর্শক আমাদের আছে। সবার কথাই মাথায় রেখে কাজ করতে হবে।

ইদানিং গল্পনির্ভর কাজে নির্মাতা-শিল্পীরা মনোযোগী হচ্ছেন। এই চর্চা কী চলচ্চিত্রের পট পরিবর্তনের লক্ষণ?
হ্যাঁ, আমারও মনে হচ্ছে চলচ্চিত্রের ধারাবদল হচ্ছে। এখন বাস্তবধর্মী বা সত্য ঘটনার আলোকে ছবি বেশি নির্মিত হচ্ছে। এ ধরনের পরিবর্তন বিভিন্ন সময়েই হয়েছে। 

গুঞ্জন রয়েছে শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচন করবেন। বিষয়টি কতটুকু সত্য?
নির্বাচন করছি এটা সত্য। তবে কোন পদে নির্বাচন করব সেটা এখনই বলতে পারছি না। আর কিছুদিন পর বিস্তারিত সবাইকে জানাবো। এই ইন্ডাস্ট্রির প্রতিও আমার দায়বদ্ধতা রয়েছে। সেই কারণে নির্বাচনটা করা দরকার বলে মনে করি।

একটু সিনিয়র হলেই আপনার মতো অনেকেই ব্যবসার দিকে ঝুঁকে পড়েন। এতে অভিনয়ের প্রতি মনোযোগ কমে যায় কি-না?
আমার তো এ ফোটাও কমেনি। লক্ষ্য করলেই দেখতে পাবেন আমি নিয়মিতই কাজ করছি। আমার মনে হয়, অন্যদেরও আগ্রহ কমে না। আসলে আর্থিক নিশ্চয়তার জন্য ব্যবসা করতে হয়। বিশ্বের অনেক তারকাই অভিনয়ের পাশাপাশি ব্যবসা করেন। কারণ আমরা চাকরি করি না। শেষ বয়সে পেনশনও পাবো না।

নির্মাতারা অভিযোগ করেন সিনিয়ররা বাবা-মা, ভাই-ভাবির চরিত্রে অভিনয় করতে অনিহা প্রকাশ করেন। বিষয়টি নিয়ে কী মন্তব্য করবেন?
অন্যদের কথা বলতে পারব না। আমি তো সব ধরনের চরিত্রেই অভিনয় করি। এমনকি ছবিতে অভিনয় করছি বলে টিভির কাজ করব না।