যুক্তরাষ্ট্রের কেন্টাকি প্রদেশে এক টর্নেডোতে অন্তত ৫০ জন নাগরিকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রদেশটির গভর্নর অ্যান্ডি বেসিয়ার উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বেড়ে ১০০ এর কাছাকাছি পৌঁছাতে পারে।
শনিবার (১১ ডিসেম্বর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, এই টর্নেডো কেন্টাকির ইতিহাসের সবচেয়ে খারাপ টর্নেডোগুলোর মধ্যে থাকবে। গভর্নর বলেছেন, এটা বিধ্বংসী ছিল।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে টর্নেডো ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। আরাকানসাস প্রদেশে একটি নার্সিং হোম আংশিক ধসে পড়ে। এতে একজনের মৃত্যু হয়, আটকে পড়েন অন্তত ২০ জন। ইলিনয়সে একটি অ্যামাজন ওয়্যারহাউসে প্রতিষ্ঠানটির কর্মীরা আটকে পড়েছে।
