নেত্রকোনার পূর্বধলায় শাহারুল সরকার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার ঘাগড়া ইউনিয়নের বহুলী বাজারে তার পরিবারের সদস্যসহ স্থানীয় লোকজন এই মানববন্ধন করেন। নিহত শাহারুল সরকার (২১) ওই বহুলী গ্রামের মৃত মুসলেম উদ্দিন সরকারের ছেলে।
মানববন্ধন চলাকালে শাহারুল হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলত শাস্তির দাবিতে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আহাম্মদ আলী, মোঃ তুহিন খান, মতিউর রহমান, সোহাগ খান, ফয়সাল সরকার প্রমুখ।
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৩০ নভেম্বর বেলা ১১টার দিকে প্রতিপক্ষের হামলায় আহত হন শাহারুল। তাকে চিকিৎসার জন্য ঢাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ১ ডিসেম্বর হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক স্থানীয়রা ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। ওই সময় পুলিশ আরও ১জনকে আটক করলেও ২ডিসেম্বর শাহারুলের বোন রুনা আক্তার ৩৬জনের নামসহ ও অজ্ঞাত ১০/১২জনকে আসামী করে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
নিহত শাহারুলের চাচা ঘাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী জানান, বহুলী গ্রামের মজিদ খাঁ, ওয়ারেছ খাঁ ও ছালাম গংদের সাথে দীর্ঘদিন যাবৎ নিহত শাহারুলের বোনজামাই এমদাদুল হকের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে প্রতি পক্ষের লোকজন কয়েক দফায় এমদাদুল হকের বাড়ি ঘরে হামলা ও ভাংচুর করে। মূলত ওই বিরোধকে কেন্দ্র করে অকালে প্রাণ দিতে হলো শাহারুল সরকারকে। তাই আমরা এ হত্যার সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবী করছি।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, শাহারুল হত্যাকান্ডের পর ৫জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে । তদন্ত সাপেক্ষে অপর আসামীদের গ্রেপ্তারের চেষ্ঠা অব্যাহত আছে।

বট গাছের বিয়ে