আমি বিশ্বাস করি সিনেমাটি সবার ভালো লাগবে: হাছান মাহমুদ

আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ২১:১৯

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অনেক কিছুই আমাদের অজানা। তরুণ প্রজন্ম থেকে শুরু করে মধ্যবয়সীরা বঙ্গবন্ধুর সময়ে ছিলেন না। ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমার মধ্য দিয়ে সেই সুযোগটা তৈরি হয়েছে। বঙ্গবন্ধু এ দেশ ও দেশের মানুষকে কতটা ভালোবাসতেন তা এখানে উঠে এসেছে। সিনেমাটি আমি দেখেছি। এখানে বঙ্গবন্ধুকে জীবন্তভাবে তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধুর আত্মত্যাগ, তার সংগ্রামের চিত্র ফুটে উঠেছে এখানে। আমি বিশ্বাস করি সবার কাছে সিনেমাটি ভালো লাগবে। সিনেমাটির মধ্য দিয়ে অজানা অনেক ইতিহাস জানা যাবে।’

আগামী ৩১ ডিসেম্বর (শুক্রবার) মুক্তি পেতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। এই উপলক্ষে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে আজ রবিবার (১২ ডিসেম্বর) একটি সংবাদ সম্মেলন ও সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন।

ছবি: সংগৃহীত

এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন সিনেমাটির নির্মাতা নজরুল ইসলাম, ক্রিয়েটিভ ডিরেক্টর জুয়েল মাহমুদ, পরিচালক সোহানুর রহমান সোহান, প্রযোজক লিটন হায়দারসহ সংশ্লিষ্ট অনেকে।

অনুষ্ঠানে বক্তব্য দেন সিনেমার পরিচালক নজরুল ইসলাম। তিনি বলেন, সিনেমটিতে বঙ্গবন্ধুর আত্মজীবনীর একটি অংশ নিয়ে সিনেমটি তৈরি হয়েছে। বঙ্গবন্ধু তো একদিনে গড়ে উঠেননি। বঙ্গবন্ধু হয়ে উঠার ঘটনা এখানে তুলে ধরা হয়েছে। ইতিহাসনির্ভর সিনেমা তৈরি করতে গেলে অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে তৈরি করতে হয়। আমাদের ক্ষেত্রেও তেমনটা ছিল। সিনেমাটির চিত্রনাট্য আমরা প্রথমে প্রধানমন্ত্রীকে দেখাই, তার কিছু কারেকশন ছিল। সে অনুযায়ী আমরা কাজ শুরু করি। অবশেষে আমরা মুক্তির দ্বারপ্রান্তে। এই সিনেমায় আমার সঙ্গে যারা ছিলেন সবার প্রতি কৃতজ্ঞ। কারণ একটি সিনেমা মানে টিম ওয়ার্ক। সবার প্রচেষ্টায় সিনেমাটি তৈরি করতে সফল হয়েছি। সবাইকে আমন্ত্রণ জানাই সিনামটি দেখার।’

সংবাদ সম্মেলন শেষে উপস্থিত দর্শকদের জন্য ‘চিরঞ্জিব মুজিব’ এর প্রদর্শনী করা হয়।

ছবি: সংগৃহীত

গত সেপ্টেম্বরে চলচ্চিত্রটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়। ২৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনেমাটির পোস্টার উন্মোচন করেন। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল এবং বেগম ফজিলাতুন্নেছা রেণুর চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা পূর্ণিমাকে। বঙ্গবন্ধুর বাবা ও মায়ের ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে খায়রুল আলম সবুজ এবং দিলারা জামান। চলচ্চিত্রটির পরিচালক ও সংলাপ রচয়িতা নজরুল ইসলাম, সৃজনশীল পরিচালক জুয়েল মাহমুদ ও প্রযোজক লিটন হায়দার।

ইত্তেফাক/বিএএফ