ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং শবনম ফারিয়ার হাইকোর্টে করা আগাম জামিন আবেদনের শুনানি হতে পারে আজ দুপুরে।
আজ সোমবার (১৩ ডিসেম্বর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চে এ দুই আবেদনের ওপর শুনানি হবে বলে জানা গেছে। তাদের পক্ষে শুনানি করবেন আইনজীবী জেড আই খান পান্না ও আইনজীবী ইমতিয়াজ ফারুক।
এর আগে, রবিবার (১২ ডিসেম্বর) তাদের পক্ষে পৃথক আবেদন করেন আইনজীবীরা।
গত ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয় জনের নামে মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, প্রতারণামূলকভাবে গ্রাহকদের টাকা আত্মসাৎ ও সহায়তা করা হয়েছে। আত্মসাৎ করা টাকার পরিমাণ ৩ লাখ ১৮ হাজার টাকা। যা উদ্ধার করা সম্ভব হয়নি।
