স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার মৈন্দ গ্রামে এফ আর আদর্শ বিদ্যাকানন আয়োজন করেছে ‘বিজয়ের ৫০ বছর: লাল-সবুজের মহোৎসব’ শীর্ষক অনুষ্ঠান। শুক্রবার বিকেলে স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠান হয়।
এই অনুষ্ঠানে উদ্বোধন করা হয় বজলুর রহমান পাঠাগার এবং প্রকাশনা অনুষ্ঠান হয় বজলুর রহমান রচিত ‘দেশ হবে সব মানুষের’ নাট্যগ্রন্থের। এদিন সকালে স্কুলের শিক্ষার্থীদের প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন ঢাকার 'কিডস পাওয়ার' এর সভাপতি সাংবাদিক শাহনাজ মুন্নী। অন্যদিকে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের আঁকা ছবি নিয়ে ‘বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ’ বিষয়ক চিত্র প্রদর্শনী। সমন্বয় করেন শাহনাজ জাহান।
পরে বিকেলের আয়োজনে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন স্কুলের শিক্ষার্থীরা। পরে একে একে বই প্রকাশনা ও পাঠাগার উদ্বোধন, আলোচনা, আবৃত্তি, নাটক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আবৃত্তি ও নাটক মঞ্চায়ন করেছে সাহিত্য একাডেমির শিল্পীরা এবং এফ আর আদর্শ বিদ্যাকাননের শিক্ষার্থীরা। সাহিত্য একাডেমি পরিবেশন করে আহমদ আল মামুন রচিত নাটক 'ক্যামেরা'। সমন্বয় করেন নাঈম রহমান। আবৃত্তি নির্দেশনা দেন সোহেল আহাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘দেশ হবে সব মানুষের’ গ্রন্থের লেখক বজলুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড শাহরিয়ার মোহাম্মদ ফিরোজ, বাংলা একাডেমির উপপরিচালক কবি সরকার আমিন, কথাসাহিত্যিক ও সাংবাদিক শাহনাজ মুন্নী, নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফজিলাতুন্নাহার, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আবৃত্তিশিল্পী মনির হোসেন, আওয়ামী লীগ নেতা কামাল হোসেন, নূর আলম, কিন্ডার গার্ডেন সমন্বয় পরিষদের সভাপতি শামীম সরকার, মোস্তাফিজুর রহমান পারভেজ, হাবিবুর রহমান, বাবুল, মৈন্দ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম, সাতবর্গ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফফারসহ অনেকে। সঞ্চালনা করেন পাভেল রহমান।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে যে চেতনার উপর ভিত্তি করে। তার মূলে রয়েছে অসাম্প্রদায়িক চেতনা। এই দেশ সব মানুষের, এখানে সবার সমান অধিকার থাকবে। সব মানুষ সমান মানবিক অধিকার নিয়ে বসবাস করবে।
