সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১১:৩৬

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. সফিউল্লাহ জুয়েল (৪৫) নামে এক পুলিশ পরিদর্শক (তদন্ত) নিহত হয়েছেন।

সোমবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) জোবায়ের হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. সফিউল্লাহ জুয়েল আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা গ্রামের বীরমুক্তি মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের ছেলে। তিনি রাজধানীর তুরাগ থানায় কর্মরত ছিলেন।  

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) জোবায়ের হোসেন জানান, মহাসড়কের পুরিন্দা এলাকায় প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা জুয়েল গুরুতর আহত হন। পরে রূপগঞ্জের ইউএস বাংলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি। 

ইত্তেফাক/এএএম