গণস্বাস্থ্য কেন্দ্রে চলছে আলোকচিত্র প্রদর্শনী 

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৫:৪৩

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শুরু হয়েছে আলোকচিত্র প্রদর্শনী। গণস্বাস্থ্য কেন্দ্রের বঙ্গবন্ধু চত্বরে এ প্রদর্শনী চলবে এক সপ্তাহব্যাপী৷ যা সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পাবলিক হেলথ বিশেষ আলোকচিত্র প্রতিযোগিতা-২০২১ এর প্রথম প্রদর্শনী এটি৷ প্রতিযোগিতার বিজয়ী ছবি প্রদর্শন করা হচ্ছে।

এবারের প্রদর্শনীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান এবং ঐতিহাসিক স্থাপনাসমূহের ছবি স্থান পেয়েছে। গত শনিবার গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মিলনায়তনে ৮ উইনার (জনপ্রতি ১০,০০০ টাকা সমমূল্যের প্রাইজ বন্ড) ও ২১ জন অনারেবল মেনশন (জনপ্রতি ২,০০০ টাকা সমমূল্যের প্রাইজ বন্ড) পুরস্কারপ্রাপ্ত বিজয়ীদেরকে সর্বমোট ১,২২,০০০ টাকা সমমূল্যের প্রাইজ বন্ড, সম্মাননা স্মারক, সনদ, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন সম্পর্কিত বই, ফটোগ্রাফি সম্পর্কিত বই, বীরশ্রেষ্ঠ ও শহীদ বুদ্ধিজীবীদের ছবি সম্বলিত পোস্টার, ফ্রেমকৃত বিজয়ী ছবি এবং জনপ্রতি ১টি করে গাছের চারা উপহার হিসেবে প্রদান করা হয়।

দর্শনার্থী সাবিনা আক্তার বলেন, ‘ছবিগুলো দেখে ভাল লেগেছে। শিশুরা মনোযোগ সহকারে প্রদর্শনী দেখছে৷ এই ছবিগুলো দেশ ও মুক্তিযুদ্ধের গল্প ফুটিয়ে তুলেছে।’

গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী আয়শা বেগম বলেন, ‘কাজের ফাঁকে ছবিগুলো দেখতে ভালই লাগে৷ রাস্তা দিয়ে হাঁটলেও অনেকের চোখ থাকে ছবির দিকে।’

গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী লিমন হোসেন বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, গণস্বাস্থ্য কেন্দ্রের সুবর্ণজয়ন্তী এবং বিজয়ের মাসে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। ছবি দেখতে কার না ভাল লাগে! ক্যাম্পাস থেকে ফেরার পথে প্রদর্শনী দেখতে এসেছি৷’

 

ইত্তেফাক/এআই