ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের ওপারে ভারতীয় এলাকায় বিএসএফের গুলিতে মিকাইল হোসেন (৩০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে পরিবার। মিকাইল হোসেন বাঘাডাঙ্গার জিনজিরা পাড়ার রুহুল আমিনের ছেলে।
নিহতের মামাতো ভাই মুছা নুর মল্লিক জানান, কয়েক দিন আগে মিকাইলসহ আরো কয়েক জন সীমান্ত পার হয়ে ভারতে যায়। বৃহস্পতিবার (৯ডিসেম্বর) রাতে গরু নিয়ে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার টেংরাখাল ব্রিজ এলাকা দিয়ে তারা দেশে ফিরে আসছিল। তারা নদীয়ার শিলবাড়ি ক্যাম্পের বিএসএফের টহল দলের সামনে পড়ে। এ সময় বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সে সময় অন্যরা পালিয়ে আসলেও মিকাইল নিখোঁজ ছিল।
ঘটনার চার দিন পর রবিবার বিকালে সীমান্তবর্তী টেংরাখালে তার লাশ ভেসে ওঠে। খবর পেয়ে নদীয়া জেলার হাঁসখালী থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। ওপারের স্বজনরা লাশের ছবিও পাঠিয়েছে।
নেপা ইউনিয়নের চেয়ারম্যান মো. শামসুল আলম জানান, ১০/১২ জন গরু আনতে ভারতে যায়। গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। অন্যরা ফিরে এলেও মিকাইল ফিরে আসেনি। নিহতের পরিবার ওপারের স্বজনদের কাছ থেকে এ তথ্য জেনেছেন। বিজিবির ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহিন আজাদ জানান, এ ব্যাপারে কোনো তথ্য পাননি। খোঁজখবর নেওয়া হচ্ছে।
