সামনেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ। তবে সেটি ছাড়িয়ে এখন ভারতীয় ক্রিকেটের আলোচনার কেন্দ্রবিন্দুতে দেশটির ক্রিকেটের দুই অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মা। না, তারা কোনো ক্যালেঙ্কারিতে জড়াননি। কিন্তু কোহলিকে ওয়ানডের অধিনায়কত্ব থেকে সরিয়ে রোহিতের কাঁধে দায়িত্ব দিয়েছে বিসিসিআই। মূলত এটা নিয়েই এখন দুইভাগে বিভক্ত ভারতের ক্রিকেট মহল।
অবশ্য জল এতদূরও গড়াতো না। বিতর্ক নতুন করে শুরু হয় যখন দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলতে চান না বলে জানিয়ে দেন বিরাট কোহলি। আর এই সিরিজ দিয়েই ফরম্যাটটিতে অধিনায়ক হিসেবে অভিষেক হবে রোহিত শর্মার।
স্বেচ্ছায় ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি। এর পরই রোহিত শর্মাকে এই ফরম্যাটের অধিনায়ক করা হয়। সম্প্রতি ওয়ানডে দলের নেতৃত্বও রোহিতের কাঁধে দেওয়া হয়েছে। কিন্তু বলা হচ্ছে, এক প্রকাশ জোর করেই না কি বিরাট কোহলির কাছ থেকে নেতৃত্ব কেড়ে নেওয়া হয়েছে। তবে টেস্ট বা লাল বলের অধিনায়ক তিনিই থাকছেন।
এবার বিতর্ক নিয়ে মুখ খুললেন ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেছেন, কোনো খেলোয়াড়ই খেলা থেকে বড় নয়। ‘খেলাধুলা সর্বোচ্চ এবং এটার চেয়ে বড় কেউ নয়। কোন খেলায় কোন খেলোয়াড়ের মধ্যে কী চলছে তার তথ্য আমি দিতে পারবো না। এটা সংশ্লিষ্ট ফেডারেশন/অ্যাসোসিয়েশনের কাজ। তারা তথ্য দিলে ভালো হবে।’
এর আগে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভারতের সাবেক ক্রিকেটার কৃতি আজাদ বলেছেন, ‘যদি কোহলি এবং রোহিত এক সঙ্গে খেলতে না চায়, তাহলে নীল জার্সিধারীরা (টিম ইন্ডিয়া) ক্ষতির মুখে পড়বে।’
