রাবির জিয়া হলে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ২০:১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার ১০০টি বই সম্বলিত এই কর্ণারের উদ্বোধন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে এই কর্ণারের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই হল প্রাঙ্গণে সমবেত কন্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়। এরপরে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, বাংলাদেশে থাকতে হলে, বঙ্গবন্ধুকে জানতে হবে। আজকের কর্ণারটি মূলত বঙ্গবন্ধুর জীবনকে ঘিরে একটি লাইব্রেরি। আমাদের শিক্ষার্থীদের উচিত হবে বঙ্গবন্ধুকে নিয়ে পড়া। সেটা হোক মোবাইলে, ট্যাবে বা সরাসরি বইয়ে। যেভাবেই হোক বঙ্গবন্ধুকে আমাদের জানতে হবে। তার জীবনাদর্শকে বুকে ধারণ করতে হবে।

হল প্রাধ্যক্ষ ড. সুজন সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম, হলের আবাসিক শিক্ষক আলী আশরাফ, সালাউদ্দিন সাইমুম, রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া।

এই কর্ণারটিতে বঙ্গবন্ধুর জীবনকে ঘিরে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ১০০টি বই রাখা হয়েছে। এগুলো শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর রাজনীতি, জীবনদর্শন এবং বঙ্গবন্ধুকে নিয়ে জানতে সহায়তা করবে।

 

ইত্তেফাক/এসএ